রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

পূবাইলে সড়ক-ড্রেনেজ উন্নয়নকাজের উদ্বোধন, জনদুর্ভোগ কমানোর আশ্বাস

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার পূবাইল এলাকায় সড়ক ও ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

শনিবার (১৮ জুলাই) সকালে পূবাইল কলেজ গেট এলাকা থেকে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইছালী ব্রিজ সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে রাস্তা প্রশস্তকরণ, কার্পেটিং, ড্রেনেজ উন্নয়ন এবং ফুটপাত নির্মাণসহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে পূবাইলবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সরকার পূবাইলকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকায় গড়ে তুলতে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী আবু ছাঈদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আমান উল্লাহ, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পূবাইল থেকে গাজীপুর পর্যন্ত যাতায়াত সহজ হবে, যানজট ও জলাবদ্ধতা কমবে এবং এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

Link copied!