শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

জিম্বাবুয়েতে সিরিজ হারের পর বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০২:২১ এএম

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় টানা দ্বিতীয় ওয়ানডেতেও হার মানতে হয়েছে বাংলাদেশকে। এই পরাজয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ফলে চার বছর পর আবারও জিম্বাবুয়ের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর এখন শেষ ওয়ানডে বাংলাদেশের জন্য শুধুই সম্মান রক্ষার লড়াই। একই সঙ্গে হোয়াইটওয়াশ এড়ানোরও সুযোগ। জিম্বাবুয়ে সর্বশেষ ২০০১ সালে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছিল। এরপর দুই দলের প্রতিটি দ্বিপক্ষীয় সিরিজেই অন্তত একটি ম্যাচ জিতেছে টাইগাররা। এবার সেই রেকর্ড অক্ষুণ্ন রাখতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই।

তবে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পেসার মোস্তাফিজুর রহমান পুরো জিম্বাবুয়ে সফর থেকেই ছিটকে গেছেন। চোটের কারণে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতেও খেলতে পারেননি তিনি।

ফলে শেষ ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না বাঁহাতি এই পেসারকে। চিকিৎসার জন্য শিগগিরই দেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, ‘মোস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ের একটা চোট নিয়ে উঠে আসেন। পরবর্তীতে ৭ তারিখে তাকে একটি স্ক্যান করানো হয়েছে। স্ক্যানে তার ডান হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান মাসল টিয়ার ধরা পড়েছে। একই হাঁটুতে তার কিছুটা সমস্যা আছে, মেনিসকাল ডিজেনারেশন। আমরা প্রত্যাশা করছি, এটি ঠিক হতে অন্তত ৪ সপ্তাহের মতো সময় লাগবে। মোস্তাফিজুর দেশে ফেরত যাবেন এবং রিহ্যাব করবেন।’

প্রথম ম্যাচে মোস্তাফিজুর বোলিং করেছিলেন ৬ ওভার। সেই ম্যাচেই টান লাগে তার হ্যামস্ট্রিংয়ে। মোস্তাফিজুরের এই চোট বিরাট ধাক্কা হয়ে এল। চার সপ্তাহ সময় লাগা মানে দা হান্ড্রেড টুর্নামেন্টের শুরুর দিকে তিনি খেলতে পারবেন না। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেটের এই আসরে তার খেলার কথা। টুর্নামেন্টটি শুরু হচ্ছে আগামী ২১ জুলাই।

এর আগে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাসও। টি-টোয়েন্টিতে সিরিজে তার এমনিতেই খেলার কথা ছিল না।

 

Link copied!