প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আগামীকাল রোববার সন্ধ্যা থেকে পরদিন সোমবার ভোর পর্যন্ত বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচ উপলক্ষে ১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথসমূহ (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে।’
উল্লেখ্য, আগামীকাল রোববার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শিরোপা নির্ধারণী ম্যাচ। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত এই আসরের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।
