হবিগন্জ কৃষি বিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --
হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যার নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখার নেতারাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে উপাচার্যের বাণী পাঠ করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন। বাণীতে উপাচার্য ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বিশেষভাবে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধসহ আন্দোলনে নিহত সকলের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
তিনি বলেন, জুলাই শহীদ দিবস শুধু শোকের দিন নয়, বরং ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক চেতনা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
এছাড়া আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী এবং দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন উপাচার্য। তিনি দেশ গঠনে সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে অবদান রাখার আহ্বান জানান।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।