শুক্রবার ১৭, জুলাই ২০২৬

শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --

খুবিতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৭:০২ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, ইউজিসি অ্যাওয়ার্ড, বিইউএস-ইউএসডিএ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং চলমান বিইউএস-ইউএসডিএ প্রকল্পের শিক্ষকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা,১৫ জুলাই (বুধবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে এ সভায় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীল চিন্তাভবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপাচার্য বলেন, বিভিন্ন প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড প্রাপ্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের গবেষণার গৌরবময় স্বীকৃতি। যা সামগ্রীকভাবে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ভূমিকা রাখে। খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষকবৃন্দ এধরনের পুরস্কার অর্জন করেছেন আমি তাঁদের ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার এই অগ্রগতির ধারাকে অব্যহত রাখতে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আধুনিক যুগ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগ। এক্ষেত্রে একটি এআই পলিসি তৈরি করা জরুরি, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো দিকগুলোকে গবেষণার কাজে ব্যবহার করা যায়।

সভায় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অথর সার্ভিস ইউনিট চালু করা, স্কোপাস ইনডেক্সিং, ইন্টার-ইউনিভার্সিটি কোলাবরেশন, গবেষণার ফান্ড ও উপকরণ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

Link copied!