প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া গণআন্দোলনে তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটেছে। তিনি জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাইয়ের আদর্শ কখনো হারিয়ে যাবে না এবং এ বিষয়ে বিশ্বব্যাপী গবেষণা হবে। তিনি সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, জুলাই শহীদরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।
ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ইতিহাস বিভাগের শিক্ষক ড. মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. মাহাবুব হাসান, প্রক্টর ড. এস এম আহসান এবং রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
এছাড়া দিবসটি উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
