শুক্রবার ১৭, জুলাই ২০২৬

শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --

দামুড়হুদা সীমান্তে ১ কোটি ৭৬ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১১:০০ এএম

দামুড়হুদা সীমান্তে ১ কোটি ৭৬ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ মো. মিজানুর রহমান (৬১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি বিশেষ টহলদল মুন্সিপুর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে। এ সময় কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন মিজানুর রহমানকে থামার সংকেত দেওয়া হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ৮টি স্বর্ণের বারের মোট ওজন প্রায় ৯৩২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি ডায়ান (DY50) মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত স্বর্ণসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দ করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলও বিজিবির এ অভিযানের প্রশংসা করেছে।

Link copied!