প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহীদ আনাস হল চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের স্মরণে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জামান, জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদের, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বিএনসিসির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের ছাত্র-জনতা ও বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল। তাঁর আত্মত্যাগসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সরকার ২০২৫ সালে প্রজ্ঞাপন জারি করে ১৬ জুলাইকে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে।
