প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১১:৩৭ পিএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মার্কেটিং ফুটবল লীগ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের গুণাবলি এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
তিনি আরও বলেন, "ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও সুন্দরভাবে ফুটবল লিগ আয়োজনের" আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শামীম হুসাইন এবং সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান বাবুসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
এবারের মার্কেটিং ফুটবল লীগের আয়োজন করেছে মার্কেটিং ২৪ ব্যাচ। সফল ও সুশৃঙ্খল আয়োজনের জন্য চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম আয়োজক কমিটি এবং মার্কেটিং ২৪ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, এই ফুটবল লীগের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং দলগত চেতনা আরও সুদৃঢ় হবে।
