শুক্রবার ১৭, জুলাই ২০২৬

শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --

রাবি শিক্ষার্থীর ইসলামিক ক্রোম এক্সটেনশন ওয়েব স্টোরে

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম

রাবি শিক্ষার্থীর ইসলামিক ক্রোম এক্সটেনশন ওয়েব স্টোরে

দৈনন্দিন ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে ইসলামিক জ্ঞানচর্চা ও আত্মউন্নয়নের সঙ্গে যুক্ত করতে নতুন এক ব্রাউজার এক্সটেনশন তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল হাসান। তাঁর উদ্ভাবিত ‘তাকওয়া হাব–নতুন ট্যাব (Taqwa Hub – New Tab)’ সম্প্রতি গুগল ক্রোম ওয়েব স্টোরে প্রকাশিত হয়েছে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, প্রতিবার নতুন ট্যাব খোলার সঙ্গে ব্যবহারকারীর সামনে কুরআনের আয়াত, হাদিস, আল্লাহর সুন্দর নাম, প্রয়োজনীয় দোয়া এবং নামাজের সময়সূচি প্রদর্শনের মাধ্যমে ব্রাউজিংকে আরও অর্থবহ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এক্সটেনশনটিতে রয়েছে ইসলামিক ড্যাশবোর্ড, পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, পরবর্তী নামাজের কাউন্টডাউন, নামাজের আগে নোটিফিকেশন, কুরআনের আয়াত, হাদিস, প্রয়োজনীয় দোয়া, আল্লাহর ৯৯টি সুন্দর নাম, হিজরি তারিখ, সূর্যোদয়-সূর্যাস্তের সময়, স্মার্ট সার্চ, ফোকাস টুল এবং বাংলা ও ইংরেজি অর্থসহ আরবি শব্দ শেখার সুবিধা।

এছাড়া নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে কুরআনের আয়াত, হাদিস, আল্লাহর একটি সুন্দর নাম এবং একটি আরবি শব্দ পরিবর্তিত হয়। প্রতিটি আরবি শব্দের সঙ্গে বাংলা ও ইংরেজি অর্থও প্রদর্শিত হওয়ায় ব্যবহারকারীরা নিয়মিত ব্রাউজিংয়ের পাশাপাশি ধীরে ধীরে কুরআনিক আরবি শব্দভান্ডার সমৃদ্ধ করার সুযোগ পান। পাশাপাশি প্রতিটি নামাজের আগে নোটিফিকেশনের মাধ্যমে সময় স্মরণ করিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে মো. নাজমুল হাসান বলেন, “প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগাতে চেয়েছি, যাতে মানুষের দৈনন্দিন অনলাইন ব্যবহারের সঙ্গে ইসলামিক জ্ঞানচর্চা ও আত্মউন্নয়ন যুক্ত হয়। ভবিষ্যতে আরও নতুন ফিচার সংযোজনের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, এক্সটেনশনটি শুধু গুগল ক্রোম নয়, ব্রেভ, মাইক্রোসফট এজসহ সব ধরনের ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারে ব্যবহার করা যাবে। এটি বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই সমর্থন করে।

নাজমুলের ভাষ্য, প্রকল্পটি সম্পূর্ণ ওপেন সোর্স। ফলে আগ্রহী ডেভেলপাররা বাগ সংশোধন, নতুন ফিচার সংযোজন, ডিজাইন উন্নয়ন, অনুবাদ এবং কুরআন-হাদিসভিত্তিক তথ্যভান্ডার সমৃদ্ধ করার কাজে অংশ নিতে পারবেন।

Link copied!