প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রুহুল ইসলাম কোরআন তিলাওয়াত এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পারমিতা দাস প্রজ্ঞা গীতা পাঠ করেন।
স্বাগত বক্তব্যে শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, ইতিহাস কেবল পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। পরে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের সাহস, ন্যায়বিচারের প্রত্যয় এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রতীক। শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের এ ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতা, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার পেছনের আত্মত্যাগ সম্পর্কে সচেতন হতে পারে।
উর্দু বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আকছানুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
