প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাতে দেশটির দাম্মাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের ছেলে ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)। তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে খেজুরের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসার কাজে খেজুর সংগ্রহ শেষে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
একসঙ্গে দুই ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা আব্দুল মালেক ও পরিবারের সদস্যরা। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন।
