প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অভ্যন্তরে নির্মাণাধীন হাই-টেক পার্কের নির্মাণকাজ পুনরায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জেলা পর্যায়ে বাস্তবায়নাধীন ১২টি আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উদ্যোগ ও প্রচেষ্টার ফলে সম্প্রতি হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নির্মাণকাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপাচার্য।
নির্মাণকাজ শেষ হলে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ও হার্ডওয়্যার খাতে আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া হাই-টেক পার্কে স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক পরামর্শ, আর্থিক সহায়তা ও নেটওয়ার্কিং সুবিধা থাকবে। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে সহায়তার জন্য উন্নত স্টার্ট-আপ ফ্লোর ফ্যাসিলিটি ও প্লাগ অ্যান্ড প্লে সুবিধাও নিশ্চিত করা হবে।
প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ হাই-টেক পার্কে একটি আধুনিক অডিটোরিয়ামও থাকবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, গবেষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে গোবিপ্রবিতে প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
