শুক্রবার ১৭, জুলাই ২০২৬

শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --

নিখোঁজের ৮ মাসেও মেলেনি তৃপ্তির সন্ধান

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

নিখোঁজের ৮ মাসেও মেলেনি তৃপ্তির সন্ধান

লক্ষ্মীপুরে নিখোঁজের আট মাস পেরিয়ে গেলেও সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামে এক তরুণীর কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ সময়েও উদ্ধার না হওয়ায় মেয়েকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তার পরিবার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) লক্ষ্মীপুর শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৃপ্তির মা রহিমা বেগম মেয়েকে উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তিনি জানান, গত বছরের ২৯ নভেম্বর ব্যক্তিগত চিকিৎসার জন্য ঢাকায় থাকার সময় জানতে পারেন, তার মেয়ে বাড়ির পাশের কালিবাজারে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে ৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে রহিমা বেগম বলেন, “আট মাস ধরে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। পুলিশও এখন পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেনি। আমি আমার সন্তানকে ফিরে পেতে প্রশাসনের জরুরি সহযোগিতা চাই।”

স্থানীয় উত্তর হামছাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে মেয়েটি নিখোঁজ রয়েছে। থানায় জিডি করার পরও তার কোনো খোঁজ না পাওয়া অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে নিখোঁজের ঘটনায় দায়ের করা জিডির তদন্তকারী কর্মকর্তা, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!