প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১২:২১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক থেকে পূর্ণকালীন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। তিনি ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে তিন বছরের জন্য আধুনিক ভাষা ইনস্টিটিউটের নিয়মিত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আদেশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ষষ্ঠ সংবিধির ১১(১) ধারা অনুযায়ী প্রচলিত শর্তে তাকে তিন বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিভিন্ন লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন পরিচালক অধ্যাপক সাইদুর রহমানকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত পৃথক এক আদেশে ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অধ্যাপক মোহাম্মদ আবছার কামালকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের সময়কাল থেকেই তার নিয়মিত পরিচালকের মেয়াদ গণনা করা হয়েছে। সে হিসেবে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর হওয়া তিন বছরের মেয়াদ শেষে অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের দায়িত্বের মেয়াদ ২০২৭ সালের ৫ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।
