প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে পরিবেশিত খাবারের মান নিয়ে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খাবারের মেন্যুতে ছিল ভাত, ডাল, খাসির মাংস ও ডিম। তবে শিক্ষার্থীদের অভিযোগ, খাবারটি নিম্নমানের ছিল এবং ডালে টক গন্ধ ছিল। অনেকের দাবি, খাবার আগের রাতে রান্না করা হয়েছিল।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন নবীন ও বর্তমান শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থী মো. ইসতিয়াক কবির ফেসবুকে লেখেন, "সবকিছু ঠিকঠাক, শুধু ডালটা একটু টক হয়ে গেছিলো গরমে।"
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ইয়াছির আরাফাত সিয়াম লেখেন, "এত সুন্দর প্যাকেজিং দিলেন, আবার খাবার দিলেন এমন? বিএমডাব্লিউর বডিতে সুজুকির ইঞ্জিন, ব্যাপারটা এমন হয়ে গেল না?"
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাফিউল হাসান বলেন, অতিরিক্ত গরমের কারণে খাবারের সঙ্গে দেওয়া ডালে সমস্যা হয়ে থাকতে পারে। তিনি বলেন, "আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের ভালো খাবার পৌঁছে দিতে। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকব।"
ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে খাবারের মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
