প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং বিভিন্ন বিভাগ ও দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন সরঞ্জাম সংযোজনের ফলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মেডিকেল সেন্টার থেকেই স্বল্প খরচে সিবিসি, লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, গ্লুকোজ, ইউরিক অ্যাসিড, এসজিপিটি, এএলপি, ডেঙ্গু পরীক্ষা ও ইসিজিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
পরে উপাচার্য তাঁর কার্যালয়ে বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানদের হাতে ২৩টি ডেস্কটপ কম্পিউটার ও ১০টি প্রজেক্টর তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
