প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০২:১৬ পিএম
দেশে ডিজিটাল সেবার বিস্তার এবং প্রযুক্তির সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্বল্পমূল্যে স্মার্টফোন সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের হাতে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে বেসরকারি খাতকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি, যাতে সব শ্রেণি-পেশার মানুষ সহজে ডিজিটাল সেবার সুফল ভোগ করতে পারেন।
বৈঠকে বাংলালিংকের পক্ষ থেকে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
