প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১২:১১ পিএম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে চুক্তিকে দেশের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি প্রস্তাবিত বাজেট, রাজস্ব আদায়, দুর্নীতি, স্বাস্থ্য খাত এবং বিচার ব্যবস্থা নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন।
সোমবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চুক্তি করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। তিনি এ অর্থ পুনরুদ্ধারে কার্যকর ও জোরালো উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি অর্থবছরের সময়সূচি পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের পরামর্শ দেন।
রাজস্ব আদায় নিয়ে তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে প্রস্তাবিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় সম্ভব। তবে বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে তিনি দুর্নীতিকে দায়ী করেন।
স্বাস্থ্য খাতের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন জোড়াতালি দিয়ে চলছে এবং এ খাতে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।
এ ছাড়া তিনি বলেন, গত ১৫ বছরে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের দায় সরকারকে নিতে হবে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের, তারা যতই শক্তিশালী হোক না কেন, বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
