প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) শাখায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
সব শিক্ষা বোর্ডে পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে।
১১ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারের বেশি
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। তারা সারা দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৩১০টি কেন্দ্রে অংশ নেবেন ৩ লাখ ৩৯৩ জন। রাজশাহী বোর্ডে ২০৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, দিনাজপুর বোর্ডে ২১২টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন এবং যশোর বোর্ডে ২৪০টি কেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ২১০ জন।
চট্টগ্রাম বোর্ডের ১১৪টি কেন্দ্রে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন। কুমিল্লা বোর্ডে ১৯৩টি কেন্দ্রে ৯৪ হাজার ৮০২ জন, সিলেট বোর্ডে ৯৬টি কেন্দ্রে ৭১ হাজার ৭১১ জন, ময়মনসিংহ বোর্ডে ১১১টি কেন্দ্রে ৭৩ হাজার ৩৭ জন এবং বরিশাল বোর্ডের ১৪২টি কেন্দ্রে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষায় অংশ নেবেন।
এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন আলিম পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।
নকল ও অনিয়ম রোধে কঠোর নির্দেশনা
সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা পরিচালনায় একাধিক নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার প্রতিটি কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন। তবে কোনো কক্ষে দুজনের কম পরিদর্শক দায়িত্ব পালন করতে পারবেন না।
বসার ব্যবস্থাও নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। ৫ ফুট বাই ৬ ফুট দীর্ঘ বেঞ্চে দুজন এবং ৪ ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।
পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে সবাইকে নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হবে। বিশেষ কারণে কেউ দেরিতে এলে তার তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
প্রশ্নপত্রে বহুমাত্রিক নিরাপত্তা
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করা হবে।
পরীক্ষার দিন ট্যাগ অফিসার ও পুলিশের নিরাপত্তায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো হবে। মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্র খোলা যাবে। নির্ধারিত সেটের বাইরে অন্য কোনো প্রশ্নে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সব কেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি
এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বর এবং ডিভিআর/এনভিআরের তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
এ ছাড়া সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো কেন্দ্রে সিসিটিভি অকার্যকর থাকলে বা নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কাঁটাযুক্ত ঘড়ি ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া পরীক্ষা চলাকালে অপ্রয়োজনীয় ব্যক্তির কেন্দ্র প্রবেশ, টয়লেট তদারকি, প্রশ্ন ও উত্তরপত্র পরিবহনে পুলিশের সম্পৃক্ততা এবং বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কন্ট্রোল রুম চালু
এইচএসসি পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে।
কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫।
এ ছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ নম্বর নির্ধারণ করা হয়েছে।
