বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের জয়ের ভবিষ্যদ্বাণী ঘানার ওঝার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের জয়ের ভবিষ্যদ্বাণী ঘানার ওঝার

ঘানার আলোচিত ওঝা নানা কোয়াকু বনসাম আবারও ফুটবল বিশ্বে নতুন এক ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় এসেছেন। এবার তাঁর দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘অভিশাপ’ দেওয়ার ঘোষণার পর আলোচনায় উঠে আসেন ঘানার এই ওঝা। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের আগে তিনি কেইনকে নিয়ে করা মন্তব্যের কারণে ব্যাপক আলোড়ন তুলেছিলেন।

তখন তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।’

সেই ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। চলতি বিশ্বকাপে সেটিই ছিল হ্যারি কেইনের একমাত্র ম্যাচ যেখানে তিনি গোল পাননি। ম্যাচের পর বনসাম নিজের শক্তির কথা উল্লেখ করে নতুন করে আলোচনায় আসেন।

তিনি বলেন, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।’

মজার বিষয়, পরের ম্যাচেই পানামার বিপক্ষে গোল পান কেইন। এতে বনসামের দাবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক ও আলোচনা।

এবার সেই ওঝার নজর আর্জেন্টিনার দিকে। ৪ জুলাই মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসির দলকে নিয়েও বনসামের ভবিষ্যদ্বাণী স্পষ্ট।

তিনি বলেছেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনা এখন পর্যন্ত সাতবার আফ্রিকার প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয়বারই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। পাঁচটি জয় এসেছে নাইজেরিয়ার বিপক্ষে এবং একটি আইভরিকোস্টের বিপক্ষে। আফ্রিকার দলের বিপক্ষে একমাত্র হারটি এসেছিল ১৯৯০ বিশ্বকাপে, ক্যামেরুনের কাছে।

তবে এবার ইতিহাসের নতুন অধ্যায় লিখতে চায় কেপ ভার্দে। আর নানা কোয়াকু বনসামের এই ভবিষ্যদ্বাণী সেই লড়াইয়ে বাড়তি কৌতূহল তৈরি করেছে। এখন দেখার বিষয়, মাঠের বাস্তবতায় তাঁর ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়।

Link copied!