প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৯:০০ পিএম
ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্পেনের অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে ক্লাব ও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ যৌথভাবে মোট ২০ লাখ ইউরো অনুদানের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৯ জুন) রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ক্লাব ফান্ড থেকে ১০ লাখ ইউরো দেওয়া হবে। একই পরিমাণ অর্থ ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
এই ত্রাণ কার্যক্রম আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের সহযোগিতায় পরিচালিত হবে। পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, খাদ্য ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।
বিশ্বজুড়ে থাকা ফুটবল সমর্থক ও সাধারণ মানুষকে এই মানবিক উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, "এই অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং সময়ে আমরা ভেনেজুয়েলার সাধারণ মানুষের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, ভালোবাসা ও গভীর সংহতি প্রকাশ করছি।"
ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে গত ২৪ জুন প্রায় ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্পে বহু ভবন, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে এখনো উদ্ধার অভিযান চলছে এবং আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে।
