বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

বাংলাদেশের সমর্থনে মুগ্ধ আলিসন, কাসেমিরো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০২:৪৫ পিএম

বিশ্বকাপের মূল মঞ্চে এখনো জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। কবে সেই স্বপ্ন পূরণ হবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে ফুটবল বিশ্বকাপে ভিন্ন এক পরিচয়ে উপস্থিত বাংলাদেশ—সমর্থনের শক্তিতে।

ব্রাজিল ও আর্জেন্টিনার মতো বিশ্ব ফুটবলের বড় দলগুলোর খেলোয়াড়রাও এখন বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা সম্পর্কে জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিও ও ছবি তাদের নজরে এসেছে। এবার সেই ভালোবাসার প্রতিদান দিলেন তারকারাও।

জর্ডানের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন। এবার জাপানের বিপক্ষে ম্যাচ শেষে একইভাবে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার।

শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে নাটকীয় জয় পায় ব্রাজিল। শেষ মুহূর্তের সেই জয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরাও। সেই আবেগের মুহূর্তে আলিসনের বার্তা বাংলাদেশিদের আরও অনুপ্রাণিত করেছে।

সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে দেওয়া বক্তব্যে আলিসন বলেন,

‘আমাদের সমর্থনের জন্য ধন্যবাদ বাংলাদেশ। আমি বেশ কিছু ভিডিও দেখেছি আপনাদের। এর জন্য বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ আপনাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

জাপানের বিপক্ষে পিছিয়ে পড়া ব্রাজিলকে সমতায় ফেরানো কাসেমিরোও ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একইভাবে ব্রাজিলের আরেক খেলোয়াড় মাতেউস কুনিয়াও বাংলাদেশের ভালোবাসার কথা উল্লেখ করে দেশটিতে আসার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন,

‘বাংলাদেশের ভালোবাসা চোখে পড়েছে আমার। আমিও কখনো বাংলাদেশে আসতে চাই।’

এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নিয়ে প্রশংসা করেছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন, তিনি নিজে বাংলাদেশে গিয়েছেন এবং জানেন দেশটির মানুষ আর্জেন্টিনার জন্য কতটা আবেগপ্রবণ। তাই বাংলাদেশের প্রতি তার ভালোবাসা অটুট থাকবে।

Link copied!