প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১১:৫৩ পিএম
রাঙামাটি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ বলেন, "অধ্যাপক এম. জহির আহমেদ ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং রাঙামাটিবাসীর প্রিয় ব্যক্তিত্ব। বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি বহু জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ ও রাজনৈতিক অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।"
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, "মরহুম অধ্যাপক এম. জহির আহমেদ রাঙামাটির রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বিএনপির প্রতি তাঁর আন্তরিকতা, ত্যাগ ও ভালোবাসা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিফলিত হয়েছে। তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙামাটি জেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।"
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
