সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

রাঙামাটিতে শিশুশ্রমের বিরুদ্ধে সনাকের মানববন্ধন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিশুশ্রম নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়।

‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই : শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সনাক, ইয়েস ও এসিজির সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সনাক সদস্য নিরূপা দেওয়ান ও সীমা দেওয়ান। এছাড়া ইয়েস দলনেতা মো. মোস্তফা, রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের উপ-যুব প্রধান ফাহিম উদ্দিন এবং প্রথম আলো বন্ধুসভার সভাপতি আপন চাকমাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় ইয়েস সদস্য নেহেরু ত্রিপুরা ও মোবারক হোসেন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের ধারণাপত্র পাঠ করেন।

বক্তারা বলেন, দারিদ্র্য ও আর্থিক সংকটের কারণে দেশের অনেক শিশু এখনো বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত হচ্ছে। শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, কারখানা ও কর্মস্থলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সাবেক সনাক সভাপতি নিরূপা দেওয়ান বলেন, “শিশুশ্রম নিরসনে কাউকে পিছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

সনাক সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা বলেন, “বর্তমানে কিছু অসাধু চক্র শিশুদের মাদক পরিবহনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ হোক বা অঝুঁকিপূর্ণ—কোনো শিশুই যেন শ্রমে নিয়োজিত না হয়, সে বিষয়ে সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!