মঙ্গলবার ০৯, জুন ২০২৬

মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --

জার্মানিতে পড়তে গেলে ভিসা পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৮:৩৫ এএম

প্রতীকী ছবি

জার্মানিতে উচ্চশিক্ষা অর্জনের পরিকল্পনা থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শুরু করার আগে স্টুডেন্ট ভিসা সংগ্রহ করতে হয়। জার্মান ভিসা-সংক্রান্ত তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম Germany Visa-এর তথ্য অনুযায়ী, দেশটির কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য এই ভিসা বাধ্যতামূলক।

স্টুডেন্ট ভিসার মেয়াদ ও ফি

জার্মান স্টুডেন্ট ভিসা সাধারণত দীর্ঘমেয়াদি ন্যাশনাল ‘ডি’ ভিসা হিসেবে প্রদান করা হয়। এই ভিসার মাধ্যমে একাধিকবার জার্মানিতে প্রবেশ করা যায় এবং এটি সাধারণত দুই বছরের জন্য বৈধ থাকে। প্রয়োজন হলে পরবর্তীতে আরও দুই বছর পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। ভিসা আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭৫ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৫ টাকার সমান।

কারা আবেদন করতে পারবেন

স্টুডেন্ট ভিসার আবেদন করতে হলে প্রথমে জার্মানির কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি জার্মানিতে অবস্থানকালে নিজের শিক্ষাব্যয় ও জীবনযাত্রার খরচ বহন করতে সক্ষম।

এ জন্য ব্লকড অ্যাকাউন্টে ন্যূনতম ১১ হাজার ৯০৪ ইউরো (প্রায় ১৭ লাখ ২ হাজার টাকা) জমা থাকার প্রমাণ দেখাতে হবে। বিকল্প হিসেবে বৈধ স্কলারশিপের নথিও গ্রহণযোগ্য। সংশ্লিষ্ট কোর্সে প্রয়োজন হলে ভাষাগত দক্ষতার সনদও জমা দিতে হবে।

যেসব শিক্ষার্থীর ভিসা প্রয়োজন হয় না

কিছু দেশের নাগরিকদের জার্মানিতে প্রবেশের জন্য আলাদা স্টুডেন্ট ভিসার প্রয়োজন হয় না। অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা জার্মানিতে পৌঁছানোর পর স্থানীয় ফরেইনার্স অফিসে আবাসিক অনুমতির জন্য আবেদন করতে পারেন।

তবে ভিসামুক্ত দেশের শিক্ষার্থীরা যদি ৯০ দিনের বেশি সময়ের কোনো কোর্সে অংশ নেন, সেক্ষেত্রে তাদেরও আবাসনসংক্রান্ত অনুমোদন নিতে হবে। অন্যদিকে, ৯০ দিনের কম সময়ের স্বল্পমেয়াদি কোর্স বা নির্দিষ্ট কিছু এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য শেনজেন ভিসা প্রযোজ্য হতে পারে।

জার্মানির বিভিন্ন স্টাডি ভিসা

শিক্ষার ধরন অনুযায়ী জার্মানিতে একাধিক ধরনের স্টাডি ভিসা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

  • পূর্ণকালীন বিশ্ববিদ্যালয় বা একাডেমিক অধ্যয়নের ভিসা
  • উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট জার্মান ভাষা কোর্সের ভিসা
  • স্টুডিয়েনকলেগ ভিসা
  • প্রস্তুতিমূলক কোর্সের ভিসা
  • বাধ্যতামূলক প্রাক-ইন্টার্নশিপের জন্য ভিসা

কীভাবে আবেদন করবেন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পর আবেদনকারী নিজ দেশের জার্মান দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবেন। অনেক দেশের মতো বাংলাদেশ থেকেও অনলাইনে আবেদন জমা দেওয়ার সুবিধা রয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র

স্টুডেন্ট ভিসা আবেদনের সময় সাধারণত যেসব নথি প্রয়োজন হয়-

  • পূরণকৃত ভিসা আবেদনপত্র
  • বৈধ পাসপোর্ট
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
  • বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
  • একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট
  • ভাষাগত দক্ষতার সনদ
  • প্রাথমিক সময়ের জন্য ভ্রমণ বীমা
  • জীবনবৃত্তান্ত 
  • মোটিভেশন লেটার
  • আর্থিক সক্ষমতার প্রমাণ

আবেদনকারীরা নিম্নোক্ত যেকোনো একটি উপায়ে আর্থিক সক্ষমতার প্রমাণ উপস্থাপন করতে পারেন-

  • স্কলারশিপের অনুমোদনপত্র
  • জার্মানিতে বসবাসরত কোনো ব্যক্তির স্পনসরশিপ ঘোষণা
  • কমপক্ষে ১১ হাজার ৯০৪ ইউরো জমা থাকা ব্লকড অ্যাকাউন্টের তথ্য
  • অভিভাবকের আর্থিক ঘোষণাপত্র

সঠিক নথি প্রস্তুত ও নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়।

তথ্যসূত্র: ইকোনমিক-টাইমস

Link copied!