শনিবার ২১, নভেম্বর ২০২৬

শনিবার ২১, নভেম্বর ২০২৬ -- : -- --

ছেলের মা হলেন সামান্থা, জানালেন নামও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে যুক্ত হলো নতুন আনন্দ। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি নবজাতকের নামও প্রকাশ করেছেন অভিনেত্রী। ছেলের নাম রেখেছেন দেব নিদিমরু।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সন্তানের জন্মের খবর জানান সামান্থা। সেখানে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর বেবি বয় দেব নিদিমরু। আমাদের হৃদয় আনন্দে ভরে উঠেছে। রাজ ও সামান্থা।’ খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন নতুন বাবা-মা। ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের সহকর্মীরাও তাঁদের শুভকামনা জানিয়েছেন।

সামান্থার মা হওয়ার খবর নিয়ে প্রথম জল্পনা তৈরি হয় ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে। হায়দরাবাদে আয়োজিত ওই অনুষ্ঠানে অভিনেত্রীর স্ফীতোদর দেখে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে সিনেমাটির পরিচালক বি.ভি. নন্দিনী রেড্ডি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সামান্থার মা হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, সিনেমার সাফল্যের আনন্দের সঙ্গে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল।

গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা। গত ১৯ নভেম্বর সন্তান জন্মের আগে বিশেষ ধর্মীয় ও পারিবারিক রীতি পালনের কিছু ছবিও প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে কখনো স্বামী রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে, আবার কখনো প্রার্থনায় মগ্ন অবস্থায় দেখা যায় তাঁকে।

এর আগে গত সেপ্টেম্বরে সামান্থার সাধভক্ষণের আয়োজনের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। ফুলের পাপড়ি ও পুষ্পবৃষ্টিতে সাজানো ওই অনুষ্ঠানের ছবি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছিলেন, আয়োজনটি কেবল প্রচলিত সাধের অনুষ্ঠান ছিল না; এর সঙ্গে যুক্ত ছিল বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য। তামিল ঐতিহ্য অনুসারে, হবু মাকে দেবীরূপে পূজা করার রীতি মেনেই আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি।

সন্তানের জন্মের খবরের সঙ্গে নাম প্রকাশ করায় সামান্থার ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানিয়ে আনন্দমুখর সময় কাটছে অভিনেত্রী ও তাঁর স্বজনদের।

Link copied!