প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আগামী রোববার (২২ নভেম্বর) ও সোমবার (২৩ নভেম্বর) ভারত সফর করবেন। ২০২৬ সালের মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম ভারত সফর। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাষ্ট্রীয় এ সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ। শুক্রবার (২০ নভেম্বর) নেপালের পররাষ্ট্রসচিব অমৃত বাহাদুর রাই এ তথ্য জানিয়েছেন।
নেপালের পররাষ্ট্রসচিব জানান, ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধিদল নিয়ে কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শাহ। সফরের দ্বিতীয় দিন সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। বৈঠকে ভারত-নেপাল সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন দুই নেতা।
সফরকালে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে কয়েকটি জ্বালানি প্রকল্প উদ্বোধন করবেন। দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে মোদি ও শাহ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখানে সফরের আলোচনার বিষয়বস্তু এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরার কথা রয়েছে।
ভারত ও নেপালের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগের ধারাবাহিকতার অংশ হিসেবেই বালেন্দ্র শাহের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
ভারত তার ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় নেপালের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বালেন্দ্র শাহের এই সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: দ্য হিন্দু
