মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
শনিবার ২১, নভেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
মহাকাশ অনুসন্ধানে ব্যবহারের উপযোগী রোবট নির্মাণে কাজ করা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের রোভার দল ‘টিম অগ্রদূত’ জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এ রানার্সআপ হয়েছে। দেশের প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার স্পেস রোবোটিকস বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে দলটি।
১৯ ও ২০ নভেম্বর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিকস-এই চারটি বিভাগ ছিল। স্পেস রোবোটিকস বিভাগে চারটি দলের ৩০ জন প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে রুয়েটের ‘টিম অগ্রদূত’।
‘টিম অগ্রদূত’ রুয়েটের একটি রোভার নির্মাণ ও গবেষণাভিত্তিক দল। মঙ্গল গ্রহের মতো প্রতিকূল পরিবেশে চলাচল, অনুসন্ধান, নমুনা সংগ্রহ এবং বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনায় সক্ষম স্বয়ংক্রিয় বা আংশিক স্বয়ংক্রিয় রোবোটিক যান তৈরি ও উন্নয়ন দলটির মূল লক্ষ্য। এ লক্ষ্যে রোবটের যান্ত্রিক কাঠামো, ইলেকট্রনিকস, এমবেডেড সিস্টেম, নিয়ন্ত্রণব্যবস্থা ও স্বয়ংক্রিয় পরিচালনপ্রযুক্তি নিয়ে কাজ করছেন দলটির সদস্যরা।
দলটির নেতৃত্বে রয়েছেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিকুর রহমান। এমবেডেড সিস্টেম ও কন্ট্রোল বিভাগে নেতৃত্ব দিচ্ছেন অভিজিৎ দাস এবং ইলেকট্রনিকস ও ডিজাইন বিভাগে দায়িত্ব পালন করছেন আমির হামজা। এ ছাড়া ইউএভি সিস্টেম বিভাগে মইনুল কবির, সফটওয়্যার ও অটোনোমাস বিভাগে শিহাবুল ইসলাম, মেকানিক্যাল সাবটিমে আবরার প্রধান এবং সায়েন্স অ্যান্ড রিসার্চ সাবটিমে সুদীপ্ত চৌধুরী দায়িত্ব পালন করছেন। তাঁরা সবাই ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জনকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি গবেষণা, দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যের কথা তুলে ধরেন তিনি।
আয়োজক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবোটিকস প্রযুক্তিতে আগ্রহী তরুণদের উদ্ভাবন প্রদর্শন এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।
আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ উদ্ভাবকদের খুঁজে বের করার পাশাপাশি তাদের ধারণাকে গবেষণা ও বাস্তব প্রযুক্তির সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হবে। ‘টিম অগ্রদূত’-এর এ অর্জন রুয়েটের শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, দলগত প্রচেষ্টা ও প্রযুক্তিগত উদ্ভাবনের সক্ষমতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরেছে।