প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এ রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দলটি নিজেদের তৈরি উড়োজাহাজ-সংক্রান্ত প্রকল্প ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিযোগিতায় উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতি হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করে ‘অ্যারো ভেনম’। পুরস্কার হিসেবে দলটিকে ৬০ হাজার টাকার একটি ডেমো চেক দেওয়া হয়। এ সময় দলের সঙ্গে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান এবং দলের উপদেষ্টা অধ্যাপক ড. মাসুদ রানা।
দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন ২০২০-২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাকি তামিম ও ইমন চৌধুরী এবং যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ খুবায়েব ও মজনুরুল আলম। এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মারযুক, নাইমুর আলম আশিক ও রাফি উদ্দীন সোহাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নাবিল আজাদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশতিয়াক আহমেদ ইমন অংশ নেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মাহমুদুল হাসান মেহরাজ ও তাহমিদ হাসান ফুয়াদও দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। বর্তমানে দলটিতে বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন সদস্য কাজ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা দেশের তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তরুণদের উদ্ভাবনকে শুধু প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগাতে হবে। একই সঙ্গে তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ জরুরি। এ ক্ষেত্রে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবোটিকস প্রযুক্তিতে আগ্রহী তরুণ, উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমীদের জন্য প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষায়িত গবেষণাগার এবং অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তি-সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, বিশেষায়িত গবেষণাগারের সুযোগ-সুবিধা এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশ নিচ্ছেন। বিভাগগুলো হলো রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিকস। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিকস বিভাগে ৪টি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আজ ২০ নভেম্বর প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হওয়ার কথা। আয়োজকদের ভাষ্য, এ প্রতিযোগিতার লক্ষ্য শুধু বিজয়ী নির্বাচন নয়; বরং সম্ভাবনাময় তরুণ প্রতিভা খুঁজে বের করা, উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং নতুন ধারণার সঙ্গে গবেষণা, বাস্তব প্রযুক্তি ও ভবিষ্যৎ শিল্পের সংযোগ ঘটানো। দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত স্বনির্ভরতা বাড়ানোর পাশাপাশি নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে এএইউবি।
