বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

এশিয়ায় ট্যুরিং শিল্পীদের আয়ে শীর্ষে সেভেনটিন, বিক্রি ৬ লাখের বেশি টিকিট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম

হাজার কোটি টাকার বেশি আয় কনসার্ট থেকে! এশিয়ার শীর্ষে

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড সেভেনটিন গত এক বছরে কনসার্টের টিকিট বিক্রি থেকে আয় করেছে ৯ কোটি ৭৪ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ১৮৮ কোটি ২৮ লাখ টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের হিসাবে, এশিয়ায় সফরকারী শিল্পীদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে ১৩ সদস্যের এই দল।

সোমবার সেভেনটিনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্লেডিস এন্টারটেইনমেন্ট জানায়, ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত ব্যান্ডটির কনসার্টের মোট ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে। এ পারফরম্যান্সের সুবাদে পোলস্টারের ‘এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে দলটি।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মেয়েদের দল টোয়াইস। তৃতীয় স্থানে আছে বিগহিট মিউজিকের ছেলেদের দল টুমরো এক্স টুগেদার। গত বছর এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেভেনটিন। তখন দলটির চেয়ে এগিয়ে ছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে।

সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে। এশিয়া পর্বে দলটি মোট ২২টি কনসার্টে অংশ নেয়। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত তাদের চারটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়।

কনসার্টের পাশাপাশি ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের আয়োজনেও সাড়া পেয়েছে ব্যান্ডটি। গত মে মাসে জাপানের কিয়োসেরা ডোম ও টোকিও ডোমে এবং জুনে দক্ষিণ কোরিয়ার ইনচনের আসিয়াদ মেইন স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। প্লেডিস এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, এসব আয়োজনে প্রায় ২ লাখ ৩৮ হাজার ভক্ত অংশ নেন।

এদিকে, সেভেনটিনের সাব-ইউনিট জংহান ও জশুয়ার ‘জার্নি ইনটু ড্রিমিং’ সফর শুরু হবে আগামী ৩০ অক্টোবর। দক্ষিণ কোরিয়ার ইনচনে অবস্থিত ইনস্পায়ার অ্যারেনায় ১ নভেম্বর পর্যন্ত চলবে সফরের উদ্বোধনী পর্ব। এরপর ছয়টি শহরে পারফর্ম করবে এই জুটি।

Link copied!