নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
শনিবার ২১, নভেম্বর ২০২৬ -- : -- --
ছবি: সংগৃহীত
‘আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না।’ ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন মোছা. রুবিয়া পারভীনের এই আকুতি এখন তার পরিবারের বেঁচে থাকার লড়াইয়ের প্রতিচ্ছবি। স্ত্রীকে সুস্থ করে তুলতে গত পাঁচ বছর ধরে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ওয়ালিউর রহমান আকন্দ বিপুল। এ পর্যন্ত চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। পরিবারের সঞ্চয় শেষ হওয়ার পাশাপাশি জমেছে প্রায় ৫০ লাখ টাকার ঋণ। এখন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও ৬০ থেকে ৭০ লাখ টাকা।
৩৭ বছর বয়সী রুবিয়া পারভীনের স্তন ক্যানসার শনাক্ত হয় ২০২২ সালে। তখন রোগটি তৃতীয় পর্যায়ে (স্টেজ-৩) ছিল। এরপর ঢাকায় চিকিৎসক ডা. জাফর মাহমুদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি নেন তিনি। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে পরিবারে স্বস্তি ফিরে আসে। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি।
ওয়ালিউর রহমান আকন্দ বিপুলের ভাষ্য অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে ক্যানসারটি আবার ফিরে আসে। সর্বশেষ ২০২৬ সালের চিকিৎসা পরীক্ষায় দেখা যায়, ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এমনকি মস্তিষ্কেও এর বিস্তার ঘটেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ব্রেন মেটাস্টেসিস নামে পরিচিত। বর্তমানে ঢাকার ডেল্টা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে। এ চিকিৎসায় প্রতি মাসে ৭০ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে।
এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শে চীনের গুয়াংজুতে অবস্থিত মডার্ন ক্যানসার হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছেন তারা। সেখানে ডা. সিওকের (SEOK) তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও একাধিক সাইকেল কেমোথেরাপি দেওয়ার প্রস্তাব রয়েছে। তিনটি ধাপে এই চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন ওয়ালিউর রহমান আকন্দ বিপুল।
তিনি জানান, স্ত্রীর চিকিৎসার পেছনে পরিবারের সঞ্চিত অর্থ, জিপিএফ (GPF) ফান্ড এবং আত্মীয়-স্বজনের সহযোগিতা মিলিয়ে ইতিমধ্যে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় করেছেন। দীর্ঘদিনের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে বর্তমানে প্রায় ৫০ লাখ টাকা ঋণগ্রস্ত তিনি। বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্ত্রীর চিকিৎসা ও তিন সন্তানের দেখাশোনা করতে গিয়ে কঠিন আর্থিক সংকটে পড়েছেন এই শিক্ষক।
সম্প্রতি নিজের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সহযোগিতা কার্যক্রম শুরুর বিষয়টি জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবিয়া পারভীন। নিজের ফেসবুক পোস্টে তিনি তুলে ধরেছেন দীর্ঘ চিকিৎসার লড়াই, স্বামীর ত্যাগ এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগের কথা।
পোস্টে রুবিয়া জানান, একদিন বিকেলে হঠাৎ তার নগদ অ্যাকাউন্টে ৩০ টাকা আসে। প্রথমে ভুল করে কেউ টাকা পাঠিয়েছেন ভেবে তা ফেরত দেওয়ার কথা ভাবেন তিনি। এর কিছুক্ষণ পর আরও ১০০ টাকা আসে। পরে ফেসবুকে ঢুকে তাঁকে নিয়ে একের পর এক পোস্ট দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে রুবিয়া লেখেন, ‘পুরো শরীর ঘেমে গেল। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বুক ফেটে কান্না বের হলো। হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। শিক্ষার্থীদের উদ্যোগ আমার কাছে গর্বের। তারা তাদের স্যারকে কতটা সম্মান করলে, স্যারের এই দুর্দিনে এভাবে পাশে দাঁড়ায়।’
স্বামীর দীর্ঘদিনের ত্যাগের কথাও উঠে এসেছে তাঁর লেখায়। রুবিয়া লিখেছেন, ‘কষ্ট হচ্ছে এ কথাটা ভেবে, এই লোকটার সারা জীবনের সঞ্চয়, তার ক্যারিয়ার সব আমার পেছনেই নষ্ট করেছে। তারপরও সে আমাকে সুস্থ করতে পারল না। জানিনা আল্লাহ পাক তাদের এই প্রচেষ্টাকে সফল করবেন কিনা। তবে এখন আল্লাহর কাছে চাই, হে আল্লাহ তুমি এই প্রচেষ্টাকে সফল করিও। আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না।’
স্ত্রীকে সুস্থ করে আবার সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়াই এখন ওয়ালিউর রহমান আকন্দ বিপুলের সবচেয়ে বড় চাওয়া। গত পাঁচ বছর ধরে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে স্ত্রীর চিকিৎসা চালিয়ে গেলেও সামনে থাকা বিপুল ব্যয় একা বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
পরিবারটির এই সংকটময় সময়ে সামর্থ্য অনুযায়ী যে কেউ আর্থিক সহায়তা করতে পারেন। সম্মিলিত সহযোগিতায় রুবিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি তিন সন্তানের জীবনে মায়ের স্নেহ ফিরে পাওয়ার আশাটুকুও বাঁচিয়ে রাখা সম্ভব হতে পারে।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম
বিকাশ (bKash):
০১৭১৯-২০০৬১৩
০১৭২৪-৯৫২৩৬২
০১৭৫৮-৮০৯৪২৫
নগদ (Nagad):
০১৭১৯-২০০৬১৩
০১৭১৮-২৮২৬৬৭
ব্যাংক হিসাব-১
হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul)
হিসাব নম্বর: 0200010639260
ব্যাংক: Agrani Bank PLC
শাখা: Noakhali Science & Technology University Branch
রাউটিং নম্বর: 010752177
ব্যাংক হিসাব-২
হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul)
হিসাব নম্বর: 0236101223790
ব্যাংক: Pubali Bank PLC
শাখা: Maijdee Court Branch, Noakhali
রাউটিং নম্বর: 17575176