প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ (The Blind Girl and an Elephant) চলচ্চিত্রের জন্য তিনি এ স্বীকৃতি পেয়েছেন।
ইশতিয়াক আহমেদ জিহাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
জিহাদ জানান, গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হয় উৎসবটির ১৪তম আসর। ১৫ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়। এতে জিহাদের চলচ্চিত্রটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ‘বেল্ট অ্যান্ড রোড জুরি স্পেশাল প্রাইজ ফর বেস্ট ডিরেক্টর’ অর্জন করে।
‘সাঁকোটা দুলছে’ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর প্রযোজক হিসেবে রয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মগডোর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। দুই প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রযোজক মনোজ কুমার প্রামাণিকেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম চলচ্চিত্রটির মূল উপজীব্য। কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তির স্বপ্ন দেখা নারীদের গল্প এতে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত চলচ্চিত্রটিতে গ্রামীণ নারীদের জীবনযাপন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ ও ব্যক্তিস্বাধীনতার বিষয়গুলো বাস্তবধর্মী উপস্থাপনায় ফুটিয়ে তোলা হয়েছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ বলেন, গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, কীভাবে কুসংস্কার, রক্ষণশীলতা এবং সামাজিক বিধিনিষেধ নারীদের জীবনে প্রভাব ফেলে। এই চলচ্চিত্র সেই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে। এমন বড় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত সম্মানের। পাশাপাশি চলচ্চিত্রে প্রতিফলিত মানুষদের জীবন ও অভিজ্ঞতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।
চলচ্চিত্রটির প্রযোজক মনোজ কুমার প্রামাণিক বলেন, এই যাত্রা শুরু হয়েছিল খুব সীমিত অর্থ, অল্প অভিজ্ঞতা এবং একদল স্বপ্নবান তরুণ চলচ্চিত্রকর্মীকে নিয়ে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠত্ব অর্জন আমাদের বহু বছরের পরিশ্রম, ত্যাগ, বিশ্বাস এবং স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।
উল্লেখ্য, ‘সাঁকোটা দুলছে’ এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে। চীনে অনুষ্ঠিত ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গোবলেট পুরস্কার পায়। এ ছাড়া রাশিয়ায় অনুষ্ঠিত ২৪তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসবে অর্জন করে গোল্ডেন ক্রেন পুরস্কার।
