শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

সংগৃহীত ছবি

সম্পদের হিসাবে বড় পতন হলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন বলিউড তারকা শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এ তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি দেখানো হয়েছে। গত বছর এই পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি।

তবে সম্পদ কমলেও তালিকায় শাহরুখের শীর্ষস্থান অক্ষুণ্ণ রয়েছে। দ্বিতীয় স্থানে আছেন অমিতাভ বচ্চন, যাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপি নিয়ে তৃতীয় স্থানে সালমান খান এবং ২ হাজার ৫০০ কোটি রুপি নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন হৃতিক রোশন।

শাহরুখ খানের আয়ের প্রধান উৎস শুধু চলচ্চিত্র নয়। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত নাইট রাইডার্স স্পোর্টস তাঁর সম্পদের বড় অংশের ভিত্তি।

হুরুনের হিসাব অনুযায়ী, ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মূল্যায়ন, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের বাজারমূল্য পরিবর্তনের কারণে তাঁর মোট সম্পদের পরিমাণে এই ওঠানামা হয়েছে। ফলে তালিকায় প্রকাশিত সম্পদের হিসাবকে আনুমানিক হিসাব হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে অমিতাভ বচ্চনের সম্পদ গত এক বছরে বেড়েছে। ২০২৫ সালে তাঁর আনুমানিক সম্পদ ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি, যা ২০২৬ সালের তালিকায় বেড়ে ৪ হাজার কোটি রুপি হয়েছে।

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা King ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। এতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভয় বর্মা, রাঘব জুয়াল, অনিল কাপুর ও সৌরভ শুক্লা।

সম্পদের অঙ্কে বড় ধাক্কা এলেও হুরুনের ২০২৬ সালের তালিকায় ভারতের ধনী অভিনেতাদের মুকুট এখনো শাহরুখ খানের দখলেই।

Link copied!