প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেন’স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার প্রথম স্থান লাভ করেছেন। এছাড়া, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জাকিয়া আক্তার রিভা দ্বিতীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষার্থী মোছা. ইসরাত জাহান তৃতীয় স্থান লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ( ২০ নভেম্বর ২০২৬) শুক্রবার সকালে এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেন’স ম্যাথমেটিকস অলিম্পিয়াড” উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অলিম্পিয়াড শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ গণিত সমিতি এই অলিম্পিয়াড আয়োজন করে।
বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম বক্তব্য রাখেন। বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাগত বক্তব্য দেন। বিজয়ীদের নাম ঘোষণা করেন আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. তানিয়া শরমিন খালেক। অনুষ্ঠান সঞ্চালন করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক আছমা আক্তার আখি।
অলিম্পিয়াডে বিজয়ী অন্য শিক্ষার্থীরা হলেন-মোছা. মেঘলা পারভীন (ঢাকা বিশ্ববিদ্যালয়), মেহজাবিন আশরাফ (ঢাকা বিশ্ববিদ্যালয়), লাবনী আক্তার শিমলা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সুমাইয়া আক্তার নিশি (এমআইএসটি), মৃন্ময় দাস পিউ (এমআইএসটি), রোদেলা সরকার (মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং সাজিয়া ফারুক ঐশী (এমআইএসটি)।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গণিতকে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করে উপস্থাপনের উপর গুরুত্বারোপ করে বলেন, গণিতের ভাষা আয়ত্ত করতে গণিতের চর্চা বাড়াতে হবে। গণিতের জ্ঞান পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে কাজে লাগাতে হবে। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের অসাধারণ প্রতিভা, মেধা ও সম্ভাবনা আছে। একাগ্রতা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।
