প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। প্রথমবার মা হওয়ার আনন্দে সম্প্রতি সহকর্মী ও ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার করেছেন তিনি।
নিজের বাসার ছাদে আয়োজিত অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে হাসি-আড্ডায় সময় কাটান মৌসুমী। বেবি শাওয়ারের বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলোতে তাঁকে হাস্যোজ্জ্বল ও আনন্দমুখর দেখা গেছে।
চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানে প্রথমবার মা হওয়ার খবর জানান মৌসুমী হামিদ। এরপর এবার বেবি শাওয়ারের আয়োজনের মধ্য দিয়ে মাতৃত্বের আনন্দ ভাগ করে নিলেন তিনি।
মৌসুমীর বেবি শাওয়ারে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু, গায়িকা ঐশীসহ আরও অনেকে। অনুষ্ঠানটি বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন না হয়ে ছিল ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া মিলনমেলা।
অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। মাছ, ভাতসহ নানা ধরনের খাবারের আয়োজন ছিল অনুষ্ঠানে।
মৌসুমী জানান, মা হওয়ার আনন্দে তাঁর বন্ধুরাই স্বল্প পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এ কারণে অনেককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি।
বেবি শাওয়ারের পর স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে ছবিও তোলেন মৌসুমী। আবদুল ওয়াদুদ ব্যবসার সঙ্গে যুক্ত। বিয়ের আগে তাঁদের ১৪ বছরের বন্ধুত্ব ছিল।
আগে এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন, বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে মিল থাকায় তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মা হবেন মৌসুমী হামিদ। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের আগে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
