শনিবার ২১, নভেম্বর ২০২৬

শনিবার ২১, নভেম্বর ২০২৬ -- : -- --

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

প্রতীকী ছবি

ব্রেক্সিটের পর তৈরি হওয়া দূরত্ব কমিয়ে আবারও ঘনিষ্ঠ হচ্ছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্পর্ক নতুন করে গড়ে তুলতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। এর আওতায় তরুণদের যাতায়াত, খাদ্যপণ্যের বাণিজ্য এবং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলন শেষে এ সমঝোতার কথা জানায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের কার্যালয়।

সমঝোতার প্রথম বিষয়টি হলো, দুই পক্ষের তরুণদের জন্য যাতায়াত, পড়াশোনা ও কাজের সুযোগ বাড়ানো। দ্বিতীয়ত, খাদ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে নিয়মের সামঞ্জস্য আনা হবে। এতে বাণিজ্যিক বাধা ও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা কমবে। তৃতীয়ত, যুক্তরাজ্য ও ইইউর কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যয় কমতে পারে।

২০১৬ সালে ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য। এরপর দুই পক্ষের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যে নতুন নিয়ম ও কাগজপত্রের বাধা যুক্তরাজ্যের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নানা জটিলতা তৈরি করে।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তিনটি বিষয়ে আলোচনা শেষ হয়েছে। এখন দুই পক্ষ নিজ নিজ দেশের আইনি প্রক্রিয়া অনুসরণ করে সমঝোতাগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে নেবে। তবে কিছু বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

ব্রেক্সিট-পরবর্তী দূরত্ব কমিয়ে ইউরোপের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পক্ষে। এমনকি নিজের জীবদ্দশায় যুক্তরাজ্যকে আবারও ইইউতে ফিরে যেতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রিটিশ জনগণের ওপর ছেড়ে দিতে চান প্রধানমন্ত্রী।

তবে নতুন সমঝোতার সব বিষয় এখনই কার্যকর হচ্ছে না। বিশেষ করে, ইইউর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। এ বিষয়ে সমাধানে আগামী ছয় মাস আলোচনা চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

তথ্যসূত্র: আল-জাজিরা

Link copied!