প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের জন্য পাঁচটি ডকিং ইঞ্জিনসমৃদ্ধ মলিকিউলার ডকিং সফটওয়্যার তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেড। ‘ডনডক’ নামের সফটওয়্যারটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিও যুক্ত রয়েছে। এটি তৈরি করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস কে ফয়সাল আহমেদ। ওষুধ আবিষ্কারের প্রাথমিক গবেষণায় রাসায়নিক অণু ও রোগসংশ্লিষ্ট প্রোটিনের মধ্যকার সম্ভাব্য মিথস্ক্রিয়া বিশ্লেষণে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।
সাধারণত নতুন ওষুধ তৈরির গবেষণায় হাজার হাজার রাসায়নিক যৌগের মধ্য থেকে সম্ভাবনাময় উপাদান খুঁজে বের করতে হয়। প্রতিটি যৌগ পরীক্ষাগারে যাচাই করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এ কারণে পরীক্ষাগারে যাওয়ার আগেই কম্পিউটারের সাহায্যে সম্ভাব্য যৌগগুলোর কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে মলিকিউলার ডকিংয়ের মতো কম্পিউটেশনাল পদ্ধতি ব্যবহার করেন গবেষকেরা।
মলিকিউলার ডকিংয়ের মাধ্যমে কোনো রাসায়নিক অণু একটি নির্দিষ্ট প্রোটিনের সঙ্গে কীভাবে যুক্ত হতে পারে, তার সম্ভাব্য অবস্থান ও পারস্পরিক মিথস্ক্রিয়া বিশ্লেষণ করা যায়। এ ধরনের বিশ্লেষণ ওষুধ আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে সম্ভাবনাময় যৌগ বাছাইয়ে সহায়তা করে।
এক সফটওয়্যারে পাঁচটি ডকিং ইঞ্জিন
ডনডকের অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে পাঁচটি ভিন্ন ডকিং ইঞ্জিন একত্র করা হয়েছে। এগুলো হলো অটোডক ভিনা (AutoDock Vina), অটোডক ৪ (AutoDock 4), স্মিনা (Smina), জিনিনা (GNINA) ও লিডক (LeDock)। এর মধ্যে জিনিনা কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিউরাল নেটওয়ার্কভিত্তিক পদ্ধতি ব্যবহার করে ডকিংয়ের ফলাফল মূল্যায়ন করে।
প্রচলিত অনেক ডকিং সফটওয়্যার ব্যবহারের জন্য কমান্ড লাইন ইন্টারফেসে বিভিন্ন নির্দেশনা লিখতে হয়। এতে নতুন গবেষকদের প্রযুক্তিগত জটিলতার মুখে পড়তে হয়। ডনডকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (জিইউআই) থাকায় ব্যবহারকারীরা তুলনামূলক সহজে বিভিন্ন ডকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে সফটওয়্যারটির কিছু ইঞ্জিন ব্যবহারের জন্য উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স (ডব্লিউএসএল) প্রয়োজন হয়।
আন্তর্জাতিক বেঞ্চমার্কে ৮০.৫ শতাংশ সাফল্য
ডনডকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিকভাবে ব্যবহৃত অ্যাস্টেক্স ডাইভার্স সেট (Astex Diverse Set) বেঞ্চমার্কে জিনিনা ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত রিডকিং (Redocking) পরীক্ষায় ৮০.৫ শতাংশ টপ পোজ অ্যাকুরেসি পাওয়া গেছে। এ পরীক্ষায় ৮৫টি প্রোটিন-লিগ্যান্ড কাঠামো ব্যবহার করা হয়। কোনো ডকিং ফলাফলের আরএমএসডি (Root Mean Square Deviation) দুই অ্যাংস্ট্রমের নিচে থাকলে সেটিকে সঠিক পোজ হিসেবে বিবেচনা করা হয়েছে।
একই মূল্যায়নে অটোডক ভিনা ও অটোডক ৪-এর ক্ষেত্রে যথাক্রমে ৫২.৪ ও ৫২.৪ শতাংশ নির্ভুলতার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ডনডকের মাধ্যমে ৯৮.৮ শতাংশ ক্ষেত্রে সঠিক প্রোটিন বাইন্ডিং পকেট শনাক্ত করার ফলাফলও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
দেশীয় ঔষধি উদ্ভিদ নিয়ে গবেষণায় সম্ভাবনা
এর আগে ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের গবেষণা শাখা ডনিল্যাব (DawniLab) তৈরি করেছে বাংলাদেশি মেডিসিনাল প্ল্যান্ট ফাইটোকেমিক্যালস ডেটাবেজ (BMPPD)। এই ডেটাবেজে বাংলাদেশের ৭০০-এর বেশি ঔষধি উদ্ভিদের প্রায় ৬৩ হাজার ৯০০টি স্বতন্ত্র ফাইটোকেমিক্যাল বা উদ্ভিদজাত রাসায়নিক যৌগের তথ্য সংরক্ষিত রয়েছে।
ডেটাবেজটির সঙ্গে ডনডক ব্যবহার করে বাংলাদেশের ঔষধি উদ্ভিদে থাকা বিভিন্ন রাসায়নিক যৌগের সঙ্গে রোগসংশ্লিষ্ট প্রোটিনের সম্ভাব্য মিথস্ক্রিয়া বিশ্লেষণ করা সম্ভব। এর মাধ্যমে প্রাকৃতিক উৎস থেকে নতুন ওষুধের সম্ভাব্য উপাদান খুঁজে বের করার প্রাথমিক গবেষণায় সহায়তা পাওয়া যেতে পারে। তবে কম্পিউটারে পাওয়া ডকিংয়ের ফলাফল কোনো যৌগের ওষুধ হিসেবে কার্যকারিতা নিশ্চিত করে না। এ জন্য পরবর্তী সময়ে পরীক্ষাগারে বিভিন্ন ধাপে যাচাই প্রয়োজন।
গবেষণাপ্রযুক্তি সহজলভ্য করার উদ্যোগ
ডনডকের মাধ্যমে দেশের শিক্ষার্থী ও নতুন গবেষকদের জন্য আধুনিক কম্পিউটেশনাল ড্রাগ ডিসকভারি গবেষণার প্রবেশবাধা কমানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। সফটওয়্যারটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষামূলক, ব্যক্তিগত গবেষণা ও অলাভজনক গবেষণার কাজে এটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। তবে বাণিজ্যিক ব্যবহারের জন্য লিখিত অনুমতি প্রয়োজন।
ডনডকের নির্মাতা এস কে ফয়সাল আহমেদ বলেন, “বিজ্ঞান কখনোই কিছু নির্দিষ্ট দেশের বা বড় বড় ল্যাবরেটরির চার দেয়ালের মধ্যে বন্দী থাকতে পারে না, এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আমরা চেয়েছিলাম, আমাদের দেশের একজন সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও যেন নিজের ল্যাপটপে বসে বিশ্বমানের ওষুধ আবিষ্কারের গবেষণা চালাতে পারেন। সেই উদ্দেশ্যেই ডনডক তৈরি এবং সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
বায়োইনফরমেটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে ওষুধ আবিষ্কারের গবেষণা বিশ্বজুড়েই গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে তৈরি ডনডকের মতো সফটওয়্যার দেশের শিক্ষার্থী ও গবেষকদের জন্য আধুনিক গবেষণাপ্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াতে পারে। তবে আন্তর্জাতিক পর্যায়ে এর গ্রহণযোগ্যতা ও দীর্ঘমেয়াদি প্রভাব নির্ভর করবে স্বাধীন গবেষণায় এর ব্যবহার, ফলাফলের পুনরুৎপাদনযোগ্যতা এবং বৈজ্ঞানিক প্রকাশনার ওপর।
