শনিবার ২১, নভেম্বর ২০২৬

শনিবার ২১, নভেম্বর ২০২৬ -- : -- --

রাবিতে ছাত্রলীগের অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষুব্ধ সহপাঠীরা

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:১৮ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে শিক্ষার্থীকে অকারণে মারধর করা হয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন হল ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা হলের প্রভোস্ট কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় দফায় দফায় উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হলের নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে দেবজয় সরকার নামের ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে হল শাখা ছাত্রলীগের কমিটিতে সদস্য হিসেবে তাঁর নাম ছিল। তবে হলের আসন পাওয়ার জন্যই ছাত্রলীগে যোগ দিয়েছিলেন বলে দাবি করেছেন দেবজয়।

অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেবজয় হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এ-সংক্রান্ত প্রমাণও তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেন তারা।

দেবজয় সরকার জানান, প্রথম বর্ষে হলে আসন পাওয়ার জন্য তিনি ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। তবে তাঁকে যে পদ দেওয়া হয়েছিল, সে বিষয়ে তাঁর জানা ছিল না। তিনি বলেন, ‘আমি প্রথম বর্ষে সিট পাওয়ার জন্য ছাত্রলীগে জয়েন করেছিলাম। তবে আমাকে যে পদ দিয়েছে, সেটাও আমি জানতাম না। আমি চার বছর ধরে এই হলে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানেও নিজে আন্দোলন করেছি। দুই বছর পর আজ তারা আমাকে রুম থেকে ডেকে নিয়ে অকারণে মারধর করেছে। আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের সহসভাপতি আবির হাসান বলেন, ‘তাকে শিক্ষার্থীরা ছাত্রলীগ অভিযোগে মারধর করছিল। পরে আমি দেখি তাকে মারধর করা হচ্ছে। তখন তাকে আমি উদ্ধার করে গেস্ট রুমে নিয়ে যাই, যেন তাকে কেউ মারতে না পারে। এই হলের শিক্ষার্থীরাই তাকে মেরেছে, তবে কারা মেরেছে তাদের আমি চিনি না।’

মারধরের পর দেবজয়কে হলের গেস্টরুমে নেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে হল ও অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক। পরে দেবজয় ও ছাত্রদলের কয়েকজন নেতাকে হলের প্রভোস্ট কক্ষে নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

তবে ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, ভিডিও ফুটেজ তৈরির উদ্দেশ্যে দেবজয়কে ছাত্রলীগের তকমা দিয়ে মারধর করা হয়েছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং হলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। দ্রুত ফুটেজ দেখানোর জন্য তাঁরা প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানান। তবে হল প্রশাসন ও প্রক্টর জানান, রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কোনো টেকনিশিয়ান উপস্থিত নেই। পরদিন সকালে ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হবে।

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী প্রভোস্ট কক্ষের দরজা ভাঙার চেষ্টা করেন। প্রায় চার ঘণ্টা ধরে আলোচনা ও উত্তেজনা চলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন এবং সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে প্রভোস্ট কক্ষ সিলগালা করে বিক্ষোভরত শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা তোমাদের কথা শুনেছি। আগামীকাল সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’

Link copied!