মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬ -- : -- --

যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৫ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে কেমিকৌশল বিভাগের উদ্যোগে নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “যবিপ্রবির কেমিকৌশল বিভাগ তাদের মেধা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বারবার গৌরবান্বিত করেছে। জাতীয় পর্যায়ে ইনোভেশন ফেয়ারে এই বিভাগের প্রজেক্ট প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থাপন করেছেন, যা আমাদের শিক্ষা ও গবেষণার উচ্চমানের বহিঃপ্রকাশ।” তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা জনগণের ও রাষ্ট্রের ট্যাক্সের টাকায় পড়াশোনা করছ। তাই এই ঋণ পরিশোধে রাষ্ট্র, সমাজ ও পরিবারের প্রতি তোমাদের দায়িত্ববোধ বজায় রাখতে হবে। কেবল একাডেমিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি উন্নত যোগাযোগ দক্ষতা, আইটি ও সফটওয়্যার জ্ঞান এবং টিমওয়ার্কের মতো ইন্টারপার্সোনাল স্কিল অর্জন করা জরুরি।”

বিশেষ অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা এক নতুন স্বাধীনতা পাবে। তবে খেয়াল রাখবে, এই স্বাধীনতা যেন স্বেচ্ছাচারিতা বা অন্যের ক্ষতির কারণ না হয়ে ওঠে। সময়ের অপচয় না করে শুরু থেকেই লক্ষ্য স্থির রাখতে হবে, যেন চার বছর পর পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করতে পারো। জীবনে অনেক বাধা-বিপত্তি আসবে, সেগুলোকে অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হবে। বাবা-মা এবং শিক্ষকেরা চায় তোমরা তাদের চেয়েও অনেক বড় হও। আশা করি, তোমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের গর্বিত করবে।”

নবীন বরণ অনুষ্ঠানে কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. মোছা. আফরোজা খাতুনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মায়মুনা তাসনিম ও আদৃতা আশরাফি। নবীনবরণ শেষে দুপুর ২ টায় শুরু হয় ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের অ্যালামনাই ড. মো. রাফিউল হাসান, ড. সৈয়দ ইমদাদুল হোসেন সোহান ও তৌকির আহমেদ ইমরান। সেমিনার শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Link copied!