শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম
মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬ -- : -- --
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক নুর আলম।
বিবৃতিতে বলা হয়, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি ও দেশীয় অস্ত্র প্রদর্শনের দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এ সময় দৈনিক সমকাল, আজকের পত্রিকা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের সঙ্গে হামলার ঘটনা ঘটে বলে সংগঠনটি জানায়। পরে ঘটনাস্থলে যাওয়া আরও কয়েকজন সাংবাদিকও মারধরের শিকার হন।
এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে শাবিপ্রবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হবে।
বিবৃতিতে চলতি বছরের ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রসঙ্গও তুলে ধরা হয়। ওই ঘটনার বিচার এখনো দৃশ্যমান হয়নি দাবি করে শাবিপ্রবি প্রেসক্লাব বলেছে, একের পর এক হামলার ঘটনায় ক্যাম্পাস সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
শাবিপ্রবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।