মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম
মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬ -- : -- --
এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া মৌলভীবাজার জেলা কমিটির নেতা আব্দুল্লাহ আল হোসাইন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার জেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
বিবৃতিতে আব্দুল্লাহ আল হোসাইন উল্লেখ করেন, তিনি শুরুতে জাতীয় নাগরিক কমিটির সার্চ কমিটির সদস্য, পরে যুগ্ম সমন্বয়কারী এবং সর্বশেষ মৌলভীবাজার জেলা এনসিপির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, "মৌলভীবাজার জেলায় এনসিপি আজ কোনো আদর্শিক দল নয়, বরং এটি চিহ্নিত সন্ত্রাসী গ্যাং ও অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। দলের ভেতরে এসব অন্যায়ের প্রতিবাদ করায় আমাকে অপহরণ করা হয়েছিল এবং প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছে।"
তিনি আরও বলেন, "সম্প্রতি মৌলভীবাজারের এক শীর্ষ কিশোর গ্যাংয়ের গডফাদারকে গ্রেফতার করার পর তাকে মুক্ত করার জন্য কেন্দ্রীয়ভাবে যে চাপ প্রয়োগ করা হয়েছে, তা চরম নিন্দনীয়। এই গডফাদারকে আইনি হাত থেকে বাঁচাতে এনসিপি যে অপতৎপরতা চালাচ্ছে, তাতে স্পষ্টই বোঝা যায় দলটি আজ একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।"
বিবৃতির শেষে তিনি বলেন, "অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো জেলার সকল পদ থেকে আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাই আমি নিজেই স্থায়ীভাবে নিজেকে সরিয়ে নিলাম এবং চূড়ান্তভাবে দল ত্যাগ করলাম। আজ থেকে এই দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই।"
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা এনসিপির সভাপতি মন্তব্য করতে রাজি হননি।