মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬ -- : -- --

শরতের আবেগে কবিতার রঙ, এমসি কলেজে প্রাণবন্ত শরৎ কবিতা উৎসব

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ছাইম ইবনে আব্বাস, এমসি কলেজ সিলেট: শরতের শুভ্রতা, কবিতার আবেগ আর গানের সুরে মুখর হয়ে উঠেছিল সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ। প্রকৃতির ঋতুবদলের আবহকে ধারণ করে কলেজে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম 'শরৎ কবিতা উৎসব-১৪৩৩'। গান, আবৃত্তি ও নৃত্যের বর্ণিল আয়োজনে দিনব্যাপী এ উৎসব পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

সোমবার (২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ) কলেজের শহিদমিনার প্রাঙ্গণে মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ) আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয়। সকাল ১১টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জাবের তালুকদার। সিজান শেখ, শাহনুর আলম মাহির ও বৃষ্টি রানি দাস যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উৎসবের সূচনাপর্বে স্বাগত বক্তব্য দেন মিলাদ আহমেদ। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী। আলোচনা পর্বে প্রকাশিত হয় সংগঠনের মুখপত্র 'ত্রৈমাসিক জাগরণ'-এর ২৪তম সংখ্যা। এরপর কবিতার পঙ্ক্তি ও আবৃত্তির ছন্দে শরৎকে বরণ করে নেন মুকপের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও মুকপের সাবেক উপদেষ্টা অধ্যাপক ফৌজিয়া আজিজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুকপের উপদেষ্টা অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, অঘ্রাতা সৌরভ, মনিষা রানি দাস, এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছাঃ নীলুফার খানম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক হাসিনা ফেরদৌস। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষার্থীরা  ও উৎসবে অংশ নেন।

আলোচনা ও আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনার সদস্যদের অংশগ্রহণে উৎসবের মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত। একে একে পরিবেশিত হয় কবিতা আবৃত্তি, একক ও দ্বৈত আবৃত্তি, একক ও দলীয় নৃত্য এবং মনোমুগ্ধকর সংগীত। শিল্পীদের পরিবেশনায় শরতের সৌন্দর্য ও বাংলা সংস্কৃতির নানা রং যেন একসঙ্গে ধরা দেয় উৎসবের মঞ্চে।

সাংস্কৃতিক পর্ব শেষে সমাপনী বক্তব্য দেন উৎসবের সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদার। সবশেষে ঘোষণা করা হয় মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কার্যনির্বাহী কমিটি।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী ও অঘ্রাতা সৌরভের সুপারিশ এবং কলেজ অধ্যক্ষের অনুমোদনের ভিত্তিতে নতুন কমিটির ঘোষণা দেন অঘ্রাতা সৌরভ। এ সময় মুকপের সাবেক সহ-সভাপতি জাহেদ আলী, সাবেক সভাপতি মইনুল হাসান আবিরসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

কবিতা, সুর ও নৃত্যের মেলবন্ধনে আয়োজিত এবারের শরৎ কবিতা উৎসব শিক্ষার্থী ও সাংস্কৃতিকপ্রেমীদের মধ্যে তৈরি করে উৎসবমুখর পরিবেশ। শরতের স্নিগ্ধতাকে শিল্পের ভাষায় তুলে ধরে আয়োজনটি এমসি কলেজের সাংস্কৃতিক অঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা।

Link copied!