প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির দাবি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অ/স্ত্র নিয়ে হামলা চালালে চার সাংবাদিকসহ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে এনসিপি জানায়, ফেসবুক পোস্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে অবস্থান নেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
হামলায় আহত সাংবাদিকরা হলেন—দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম। তাদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এনসিপির মিডিয়া সেল এক বিবৃতিতে বলেছে, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার কেন্দ্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের সশস্ত্র কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায় রয়েছে বলে মন্তব্য করেছে দলটি।
বিবৃতিতে হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের দলীয় ও রাষ্ট্রীয় আইনে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায় এনসিপি।
এনসিপি আরও বলেছে, ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি প্রতিহত করতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।
