মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম
মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬ -- : -- --
মৌলভীবাজার সদর হাসপাতালে চুরির চেষ্টার অভিযোগে আটক পাঁচ নারী
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের ব্যাগ ও মোবাইল চুরির সময় সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
আজ দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগে রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে চুরির চেষ্টাকালে স্থানীয় ও রোগীদের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আসমা খাতুন, তানজিলা, তানিয়া, নাসিমা সহ ৫ জন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় ও অসাবধানতার সুযোগ নিয়ে গলার স্বর্ণের চেইন, ব্যাগ কেটে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিচ্ছিল চক্রটি। আজ ইএনটি বিভাগে টিকিট না কেটে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন এই নারীরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে রোগী ও স্বজনরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেন। তারা জানান, ব্রাহ্মণবাড়িয়ার ধরমণ্ডল থেকে সংঘবদ্ধ দল হয়ে নিয়মিত হাসপাতালে আসতেন এবং আউটডোরে আসা রোগীদের ভ্যানিটি ব্যাগ, নগদ টাকা ও মোবাইল চুরি করতেন। ঘটনার সময় তাদের কারও কাছেই চিকিৎসার কোনো টিকিট বা ভাউচার পাওয়া যায়নি। পরে আটককৃতদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, "হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন প্রতারক বা চোর চক্রের শিকার না হন, সে বিষয়ে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। রোগী ও স্বজনদেরও ভিড়ের মধ্যে নিজেদের মালামাল সতর্কতার সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।"