প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১০:৪১ পিএম
বয়স যেখানে থেমে যাওয়ার কথা, সেখানে জীবনের প্রয়োজনে এখনও প্রতিদিন শ্রম দিয়ে যাচ্ছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৯০ বছর বয়সী কুলি আজিজুল হক মেঘা। শারীরিক বয়সের ভার তাকে দমাতে পারেনি। নিজের ওজন মাত্র ৪৩ কেজি হলেও তিনি অনায়াসে বহন করেন ১০০ কেজি পর্যন্ত মালামাল।
প্রায় ৭৫ বছর ধরে কুলির কাজ করে আসা আজিজুল হক মেঘা এখনও নিয়মিত শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করছেন। তার ভাষায়, “কাজ না করলে শরীর ভালো লাগে না।”
প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করে তিনি চালান ১৯ সদস্যের পরিবারের খরচ। পাশাপাশি নাতি-নাতনিদের পড়ালেখার ব্যয়ও বহন করছেন এই প্রবীণ শ্রমিক।
বয়সের ছাপ পড়েছে শরীরে, কমেছে শক্তি; কিন্তু পরিশ্রমের মানসিকতা ও দায়িত্ববোধে এখনও অটুট তিনি। দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কারণে স্থানীয় ব্যবসায়ীদের কাছেও আজিজুল হক একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত।
তার সংগ্রামী জীবনযাপন প্রমাণ করে, বয়স নয়—ইচ্ছাশক্তিই মানুষকে এগিয়ে চলার শক্তি দেয়।
