প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের সদস্যসহ আরও চারজন। আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের সবার বাড়ি উপজেলার বড়দল গ্রামে।
স্থানীয়দের ভাষ্য, সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীর স্ত্রী কনিজা বেগম (৪৫) এবং তাদের ছেলে জুবের আলী (২০)-কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত ইদ্রিস আলী (৫০), তার দুই বছরের মেয়ে জোসনা বেগম এবং জামাতা হাকিম উদ্দিন (২৫) বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত সিএনজি চালক তফাজ্জুল মিয়া (৩৮)-কে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইদ্রিস আলীর ভাতিজা নাইমুজ্জামান রাফি বলেন, “দুর্ঘটনায় আমার চাচী ও চাচাতো ভাইকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আমরা আহত চার জনকে নিয়ে এখন সিলেটে হাসপাতালে আছি।”
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা দুটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে আইনি প্রক্রিয়ার জন্য যোগাযোগ চলছে।’
এদিকে স্থানীয়দের দাবি, মহাসড়কে অতিরিক্ত গতি এবং রাতের সময় দৃশ্যমানতা কম থাকায় এ ধরনের সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
