প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১১:৫০ পিএম
মাঠের লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সেরাটা দেওয়ার পরও বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি ইরান। মিসরের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে ফলাফলের চেয়েও দলটি গুরুত্ব দিয়েছে সম্মান ও ন্যায্যতাকে।
নিজেদের অবস্থান তুলে ধরে এক চিঠিতে ইরান লিখেছে—
‘আমরা ইরান থেকে এসেছি। হাজার বছরের ইতিহাসে আমাদের দেশ সবসময় জয়ের চেয়ে সম্মানকে বেশি মূল্য দিয়েছে। আমাদের কাছে ফুটবল শুধু ফলাফলের লড়াই নয়, এটি চরিত্রেরও পরীক্ষা। অনেকভাবে হয়তো পয়েন্ট অর্জন করা যায়, কিন্তু সম্মান অর্জন করা যায় না। একটি দল হয়তো পরের পর্বে উঠতে পারে, কিন্তু ন্যায় ও সম্মানের মাধ্যমেই ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব। ফেয়ার প্লে শুধু ফুটবলের নিয়মের একটি লাইন নয়, এটি এই খেলার আত্মা। সিয়াটল, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেই সব ইরানিদের, যারা হৃদয়, কণ্ঠ আর সর্বস্ব দিয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন। ইরান; সবসময় মাথা উঁচু করে।’
মিসরের বিপক্ষে ম্যাচে জয় থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে ছিল ইরান। যোগ করা সময়ে খলিলজাদেহ বল জালে পাঠালেও ভিএআরের পর্যালোচনায় সেটি অফসাইড হিসেবে বাতিল হয়। গোলটি বৈধ হলে সরাসরি পরের ধাপে জায়গা নিশ্চিত হয়ে যেত ইরানের।
তবে ১-১ গোলে ড্র হওয়ায় টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পরও এখন অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। নকআউট পর্বে উঠতে হলে নির্ভর করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।
সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় বর্তমানে তিন পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইরান। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, আটটি সেরা তৃতীয় স্থানধারী দল পরের রাউন্ডে যাবে।
শনিবার ‘জে’, ‘কে’ ও ‘এল’ গ্রুপের শেষ ম্যাচগুলোর ফলাফলই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ। আলজেরিয়া, ডিআর কঙ্গো ও ক্রোয়েশিয়ার এখনও শেষ ম্যাচ বাকি থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে ইরানকে।
