শনিবার ২৭, জুন ২০২৬

শনিবার ২৭, জুন ২০২৬ -- : -- --

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে জাপান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৩:০১ পিএম

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে জাপান

বিশ্বকাপের ইতিহাসে এখনো কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি জাপান। তবে এবারের আসরে সেই স্বপ্ন ছুঁতে হলে তাদের সামনে প্রথম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর রাউন্ড অব ৩২-এর লাইনআপ নিশ্চিত হয়েছে। সেই ফলেই জাপানের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু স্বীকার করেছেন, সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তবে শক্তিশালী প্রতিপক্ষকে সমীহ করেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না তিনি।

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। ইতিহাস বলছে, বিশ্বকাপের শেষ আটে ওঠার অভিজ্ঞতা নেই এশিয়ার দলটির। তবু মরিয়াসু মনে করছেন, সুযোগ কাজে লাগাতে পারলে অসম্ভব কিছু নয়।

তিনি বলেন, ‘এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিখুঁত একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার এবং পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া জাপান এবার আরও আত্মবিশ্বাসী। কারণ সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর স্মৃতি এখনও টাটকা।

গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছিল স্বাগতিক জাপান। সেই প্রসঙ্গ টেনে মরিয়াসু বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচটিতে আমরা জিতেছিলাম। হয়তো সেই কারণেই ওরা এবার আমাদের বিপক্ষে আরও বেশি অনুপ্রাণিত হয়ে খেলবে। আমি এই ম্যাচটির অপেক্ষায় আছি।’

একসময় জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়কে সহজ হিসেবেই ধরা হতো। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে সেই ধারণা বদলেছে বলে মনে করেন মরিয়াসু।

তার ভাষায়, ‘প্রীতি ম্যাচে আমরা প্রমাণ করেছি, আমাদের হারানো এখন আর সহজ নয়। এটি আমাদের বড় অগ্রগতি। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের সম্মান করি। তবে ম্যাচে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।’

এখন দেখার বিষয়, আত্মবিশ্বাসে উজ্জীবিত জাপান কি ব্রাজিলের বিপক্ষে আরেকটি চমক দেখাতে পারে, নাকি বিশ্বকাপের মঞ্চে আবারও অভিজ্ঞতার ভারেই এগিয়ে যাবে সেলেসাওরা।

Link copied!