শনিবার ২৭, জুন ২০২৬

শনিবার ২৭, জুন ২০২৬ -- : -- --

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ দর্শন বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ  বিভাগের উদ্যোগে ‘সহিংসতা নিরসন: যোগ দর্শন ও সামষ্টিক উপশম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ ২৭ জুন ২০২৬ শনিবার নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.  মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

বিভাগীয় চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমার সভাপতিত্বে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. আশিকুর রহমান (লিয়ন) স্বাগত বক্তব্য এবং হু ফাউন্ডেশন (Hu Foundation)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য  ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ফজলুর রশিদ মৃধা শুভেচ্ছা বক্তব্য দেন। হু ফাউন্ডেশনের যোগাচার্য মুহাম্মদ কামরান ‘কমন ইয়োগা প্রটোকল’ ভিত্তিক  যোগানুশীলন পরিচালনা করেন এবং ‘সহিংসতা নিরসনে যোগ: সম্ভাবনা, প্রাসঙ্গিকতা ও সমকালীন পরিপ্রেক্ষিত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক রাউফুন নাহার ‘অহিংস যোগাযোগ: প্রাথমিক ধারণা ও চর্চা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। সহযোগী অধ্যাপক ড. শাহমান শাহরিয়ার (শাহমান মৈশান) নাটক ও নিরাময় বিষয়ক বক্তব্য দেন।  প্রভাষক ফারজিয়া হক ফারিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সামাজিক ও মানসিক অস্থিরতা নিরসন এবং দেহ, মন ও আত্মার সমন্বয় সাধনে ‘যোগ দর্শন’ চর্চা সহায়ক ভূমিকা পালন করতে পারে। সকল প্রতিকূলতা জয় করে আত্মিক ও শারীরিক উন্নতির মাধ্যমে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের  প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সকল ধরনের নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সামষ্টিক সচেতনতা, শিক্ষামূলক উপলব্ধি ও সহমর্মিতাবোধ সৃষ্টিতে এই কর্মশালা ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Link copied!